রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৯২ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৯২ হাজার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে জোনাল সেলস অফিস, বন্দর। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজার নেতৃত্বে উপজেলার হরিপুর, কুতুবপুর এবং দেওয়ানবাগ (মদনপুর) এলাকার ৫টি স্পটে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রায় ১ হাজার ১০০টি অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
​রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
​অভিযান সূত্রে জানা যায়, স্পট-০১ এ হরিপুর ও কুতুবপুর এলাকায় প্রায় ২০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৭ ফুট হোস পাইপ, ৫ ফুট এম এস পাইপ, ৮টি রেগুলেটর, ৪টি ডাবল চুলা ও ১টি ভাল্ব জব্দ করা হয়। মূল রাস্তার আরসিসি ঢালাইয়ের নিচে থাকা ২ ইঞ্চি অবৈধ বিতরণ লাইন কেটে (কিলিং) সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
​স্পট-০২ এ একই এলাকায় ১টি ডাবল ও ১৫টি সিঙ্গেল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে ২০ ফুট এম এস পাইপ ও ১টি রেগুলেটর জব্দ করা হয়। আরসিসি ঢালাইয়ের নিচের এই অবৈধ লাইনেও কিলিং করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​স্পট-০৩ এর ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুরে প্রায় ৫ কিলোমিটার এলাকার প্রায় ৩০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের উৎসে কিলিং করে সংযোগটি বন্ধ করা হয়।
​স্পট-০৪ এ হরিপুর বাজারের ৩টি আবাসিক ডাবল চুলা ও ১টি স্টার বার্নারের বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩০ ফুট এম এস পাইপ, ৫০ ফুট হোস পাইপ, ৩টি রেগুলেটর, ১টি স্টার বার্নার ও ২টি ডাবল চুলা জব্দ করা হয়। এই অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
​স্পট-০৫ এ বন্দর স্টিলের বিপরীতে দেওয়ানবাগ ও মদনপুর এলাকায় প্রায় ৩ কিলোমিটারজুড়ে অভিযান চালিয়ে আনুমানিক ৩০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ ইঞ্চি বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিংয়ের মাধ্যমে এটি বন্ধ করা হয়।
​অভিযানে মোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের সাথে জড়িত পাইপলাইন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।