রিকশা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান
নারায়ণগঞ্জের রুপগঞ্জের তারাব পৌরসভায় দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্ন আয়ের মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে তারাব দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রিকশা-ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) তারাব পৌর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। স্বাগত বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাব পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম।
পরে অতিথিরা উপকারভোগীদের হাতে রিকশা-ভ্যান ও ছাগল তুলে দেন। এসময় তারা উপকারভোগীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

