ফাইল ছবি
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়াচ্ছেন বাংলাদেশি তরুণী মেরীয়ান ব্রুয়েন রোজারিও। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের নিউইয়র্ক-নিউ জার্সি (এনওয়াইজেএনজে) অঞ্চলে তিনি সিটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেরীয়ান ঢাকা জেলার ফার্মগেট এলাকার মনিপুরী পাড়ার বাসিন্দা ফ্রান্সিস শ্যামল রোজারিওর মেয়ে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে মেরীয়ান বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অংশ হতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলের সিটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করার সময় এক ধরনের গর্ব ও আনন্দ কাজ করে।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে প্রতিদিন দেখা ও কথা বলার সুযোগ হচ্ছে। তাদের ফুটবলের প্রতি আবেগ, উচ্ছ্বাস এবং নানা সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করছে।
মেরীয়ান বলেন, প্রতিদিন নতুন নতুন মানুষের গল্প শুনছি, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানছি। এসব অভিজ্ঞতা আমার জানার আগ্রহকে আরও বাড়িয়ে দিচ্ছে। একজন সিটি অ্যাম্বাসেডর হিসেবে কোনো পর্যটককে সঠিক তথ্য দিতে পারা কিংবা জরুরি মুহূর্তে সহায়তা করতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, কোনো দর্শনার্থীর মুখে স্বস্তির হাসি দেখতে পাওয়াটাই আমার কাজের সবচেয়ে বড় পুরস্কার। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে নিউইয়র্ক ও নিউ জার্সির আতিথেয়তার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।
ফিফা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশি তরুণীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন মেরীয়ান ব্রুয়েন রোজারিও। তার এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

