ত্রাণসামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি বলেন, বর্তমানে রূপগঞ্জ দেশের অনেক উপজেলার তুলনায় এগিয়ে রয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সমস্যাগুলো সমাধানে নতুন বরাদ্দের মাধ্যমে রাস্তা-ঘাটসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যশস্য, শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা ও বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
পরে সংসদ সদস্য দিপু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁর নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে অফিস কার্যক্রম শুরু করেন।

