পেট্রোল ভেসেলের কিল-লেয়িং অনুষ্ঠান
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য দেশীয় প্রযুক্তিতে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড।
বুধবার (১৭ জুন) নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ডে এই পেট্রোল ভেসেলের কিল-লেয়িং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
নৌবাহিনী জানায়, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জন এবং দেশীয় প্রযুক্তির বিকাশের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কোস্টগার্ডের আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
নির্মাণাধীন প্রতিটি আরপিভির দৈর্ঘ্য হবে ৩৮ দশমিক ৫ মিটার, প্রস্থ ৭ দশমিক ৯০ মিটার এবং ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ২৩২ টন। এসব নৌযান ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল গতিতে চলতে সক্ষম হবে। এছাড়া প্রতিটি জাহাজে নেভিগেশন রাডার, জিপিএস, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নাইট ভিশনসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, কম গভীরতার নদীপথ ও দুর্গম এলাকায় চলাচলের উপযোগী এসব নৌযান কোস্টগার্ডের বহরে যুক্ত হলে দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার হবে। একই সঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব সক্ষমতায় এ ধরনের আধুনিক নৌযান নির্মাণকে দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির জাহাজ ও নৌ-প্ল্যাটফর্ম নির্মাণেও এ সক্ষমতা কাজে লাগানো হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

