বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

|

আষাঢ় ৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জীবননগরে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৮, ১৮ জুন ২০২৬

জীবননগরে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে এক নারী হত্যা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন জীবননগর উপজেলার ডুমুরিয়া (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইউনুস মণ্ডলের ছেলে মো. রাজন (৩৫)।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল ভোররাতের দিকে ডুমুরিয়া (দক্ষিণপাড়া) এলাকায় ববিতা খাতুন পিংকি (২৭) নামে এক নারীকে ধারালো দা দিয়ে তলপেটে গুরুতর জখম করেন রাজন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে ববিতা খাতুন পিংকি হামলাকারী হিসেবে রাজনের নাম উল্লেখ করেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় ও জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে এসআই পবিত্র কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুধবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।