মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

|

আষাঢ় ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে কর্মশালা

প্রকাশিত: ২০:২৪, ১৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে কর্মশালা

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং প্রতিরোধমূলক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে একটি সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী এবং মানব পাচার প্রতিরোধে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মানব পাচার ও চোরাচালান শুধু একটি অপরাধ নয়, এটি সামাজিক ও মানবিক সংকটেরও অন্যতম কারণ। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার ও চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

কর্মশালায় বক্তারা মানব পাচারের বর্তমান পরিস্থিতি, এর কারণ, ঝুঁকি, আইনি কাঠামো এবং প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সীমান্ত ও নদীপথ ব্যবহার করে সংঘটিত চোরাচালান রোধে নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।