অধ্যাপক মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (১৬ মার্চ) বেলা আড়াইটার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলার সর্বত্র জেলা পরিষদের কার্যক্রম বৈষম্যহীনভাবে পরিচালনা করা হবে। তিনি বলেন, বিগত সময়ের উন্নয়ন কর্মকাণ্ডে কিছু ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ ছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে জেলার প্রতিটি এলাকা ও জনগণকে সমানভাবে উন্নয়নের আওতায় আনার জন্য কাজ করা হবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অতীতে অনেকেই জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না। তাই ভবিষ্যতে জনগণের কাছে জেলা পরিষদের সেবা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও জোরদার করার কথাও জানান তিনি।

