এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, ক্রীড়া শারীরিক সক্ষমতার বিকাশ ঘটায়। পাশাপাশি প্রতিযোগীদের প্রতি সহমর্মিতা তৈরি করে। আমাদের দুর্ভাগ্য ক্রীড়া ক্ষেত্রগুলো বিলুপ্ত হয়ে গেছে।
সোমবার (১০ আগষ্ট) নারায়ণগঞ্জ শহরের বার একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, যারা আজ পুরষ্কৃত তাদের অভিনন্দন জানাই। এই আয়োজনের জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের যারা আজকে পুরষ্কার পাবে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমরা নিজেদের উপযুক্ত করে গড়ে তুলবে যেন আগামী দিনে তোমরা নেতৃত্ব দিতে পারো।
তিনি আরও বলেন, তোমাদের কষ্ট করে বড় করা ও লালন পালন করার পরে এই চাওয়া কী খুব বেশি চাওয়া? তোমাদের বাবা মায়ের যে পরিশ্রম এর প্রতি তোমাদের সম্মান জানানোর জন্য আমি আবেদন জানাই। এই শিক্ষিত সমাজই আগামী দিনে দেশ গঠনে নেতৃত্ব দিবে। জাতি তোমাদের প্রতি প্রত্যাশা রাখে।
তিনি বলেন, সকলে স্কুলের অবকাঠামোর জন্য আবেদন করে। শিক্ষার মান উন্নয়নের জন্য কী প্রয়োজন তা নিয়ে আমাদের কাছে আসে না। তাদের দাবী কীভাবে আরও একটা দালান পাওয়া যায়, কীভাবে রেজাল্ট ভাল না হলেও তদবিরে উত্তীর্ণ হতে পারি। এটা সমাজের জন্য ক্ষতিকর।

