আজহারুল ইসলাম মান্নান
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা কতজন রয়েছেন, তাদের পরিচয় ও কর্মস্থলসহ তালিকা তৈরির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রশাসনের সদস্যদের বিষয়ে আরও নজরদারির আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জে গোপালগঞ্জের বাসিন্দাদের উপস্থিতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা ‘গোপালী’ দিয়ে ভরে গিয়েছিল। তার দাবি, বর্তমানে বিভিন্ন পর্যায়ে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
এ সময় তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জের বাসিন্দারা নারায়ণগঞ্জের মানুষের স্বার্থ কতটা দেখবেন। আইনশৃঙ্খলা কীভাবে সুন্দর হবে? গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যদের পরিচয় ও স্থায়ী ঠিকানা যাচাই করে তালিকা করা প্রয়োজন। বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নারায়ণগঞ্জের নদীপথে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগও সভায় তুলে ধরে তিনি অভিযোগ করেন, মেঘনাসহ বিভিন্ন নদী থেকে বালুবাহী বাল্কহেড নারায়ণগঞ্জের দিকে প্রবেশের আগেই চাঁদা আদায় শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমেও চাঁদা পরিশোধের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

