সোমবার, ১০ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই যোদ্ধা ও এমপি মান্নানের কনিষ্ঠ কন্যা মাইশা এস.এস.সি’তে জিপিএ-৫ অর্জন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২১, ১০ আগস্ট ২০২৬

জুলাই যোদ্ধা ও এমপি মান্নানের কনিষ্ঠ কন্যা মাইশা এস.এস.সি’তে জিপিএ-৫ অর্জন 

ফাইল ছবি

পড়ালেখার পাশাপাশি জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে সম্মুখসারিতে থেকে ভূমিকা রাখা নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের কনিষ্ঠ কন্যা মালিহা ইসলাম মাইশা এসএসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (GPA 5) অর্জন করেছে। তার এই যুগপৎ সাফল্যে আনন্দের জোয়ার বইছে পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে। মেধা, অধ্যবসায় ও সাহসিকতার এক অনন্য নজির স্থাপন করে জুলাই যোদ্ধা মাইশা প্রমাণ করেছে দৃঢ় মনোবল থাকলে প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।

​সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মালিহা ইসলাম মাইশার বাবা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের তরুণ প্রজন্মের সাহসী ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। রাজপথের সেই কঠিন ও উত্তাল দিনগুলোতে আমাদের সন্তানেরা যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, তা সত্যিই অবিস্মরণীয়। মালিহা ইসলাম মাইশা শুধু আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিল না, আজ সে তার মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করে প্রমাণ করেছে আমাদের নতুন প্রজন্ম যেমন দেশের ক্রান্তিলগ্নে সাহসী ভূমিকা রাখতে জানে, তেমনি মেধার প্রতিযোগিতাতেও তারা সেরা। আমি তার এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই।

​এদিকে মাইশার এই সাফল্যে বিশেষ অনুভূতি প্রকাশ করেছেন তার বড় ভাই নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজীব বলেন,
​মাইশা কেবল আমার একজন স্নেহের ছোট বোনই নয়, সে হলো আমাদের জুলাই বিপ্লবের একজন লড়াকু সৈনিক। ছাত্র আন্দোলনের প্রতিটি কঠিন মুহূর্তে সে অসীম সাহস ও পরিপক্বতার পরিচয় দিয়েছে। রাজপথের সেই আন্দোলনের পাশাপাশি সে নিয়মিত নিজের পড়াশোনা চালিয়ে গেছে এবং আজ কাঙ্ক্ষিত জিপিএ-৫ অর্জন করেছে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তার এই দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মেধার সমন্বয় তাকে বহুদূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। দেশবাসীর কাছে মাইশার আগামী দিনের পথচলার জন্য দোয়া কামনা করছি।

​পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা জানান, শুধু পড়াশোনা বা আন্দোলন নয়; সব ক্ষেত্রে মাইশার সততা, নিষ্ঠা ও নেতৃত্বসুলভ আচরণ তাকে আলাদা পরিচিতি দিয়েছে। এসএসসির এই দুর্দান্ত ফলাফলের পর মাইশার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন সে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশের একজন আদর্শ ও সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।