রোববার, ০৯ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ইউএনও’র নেতৃত্বে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৫, ৮ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ইউএনও’র নেতৃত্বে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশজুড়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের যৌথ উদ্যোগে উপজেলার মুড়াবাজারের রাজঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

কর্মসূচিতে বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৃক্ষরোপণের পাশাপাশি কর্মসূচির অংশ হিসেবে রাজঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব মো. পারভেজ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মোহসিন মিয়াসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কর্মসূচিতে নজরুল ইসলাম বাদল, হারুন অর রশিদ, জিকে দিলু, মোমেন মিয়া, সিরাজুল ইসলাম, মাছুম মিয়া, শরীফ চৌধুরী, কামাল হোসেন, রাকিবুল ইসলাম, আরেফিন মাহমুদ উপল, মো. তারেক, মনিরুল ইসলাম রিপন, সৈকত হোসেন, মো. সামসুল ইসলাম নাঈম, দেবাশীষসহ আরও অনেকে অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার মাধ্যমে রূপগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে।