ফাইল ছবি
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার এক মাসের মাথায় আগামী ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে আসছেন তিনি। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে মদনপুরে অনুষ্ঠিতব্য পথসভায় তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।
এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ওই কর্মসূচিতে বিএনপির নেতারা পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে বিএনপির বিভিন্ন থানা কমিটি ও অঙ্গসংগঠনের নেতারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছিলেন।
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ওই সমাবেশে বক্তব্য দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
তবে বিএনপির ওই ঘোষণার এক মাসের মধ্যেই ১১ দলীয় লংমার্চের কর্মসূচিতে নারায়ণগঞ্জে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার জানান, মদনপুরের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহরও উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের সহযোগিতা কামনা করে যুবাইর সরদার বলেন, ‘আমাদের মধ্যে কোনো ধরনের আশঙ্কা বা ভয় নেই। কারণ এই লংমার্চ ও সমাবেশ কোনো দলীয় স্বার্থে নয়, সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধির প্রতিবাদে করা হচ্ছে।’
তিনি বলেন, পথসভা ও লংমার্চ চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে তারা আশা করছেন।

