ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সীরাতুন্নাবী (সা.) উদযাপন উপলক্ষে উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দেশীয় সাংস্কৃতিক সংসদ আড়াইহাজার দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ প্রতিযোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক সংগঠক ও জননেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ আড়াইহাজার দক্ষিণের প্রধান উপদেষ্টা মাওলানা হাদিউল ইসলাম। এ ছাড়া তৌফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মানসুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমনে বিশ্ববাসী আলোকিত হয়েছে। তাঁর আনীত আইন ও বিধান অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত। সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও তাঁর আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
তাঁরা বলেন, নবীজি (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সীরাত বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর আজিজুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ আড়াইহাজার উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ রাসেল মাহমুদ।

