মতবিনিময় সভা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সেলিম আহম্মেদ। সভায় সভাপতিত্ব করেন আবুল হাশেম মাস্টার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিধান কৃষ্ণ রায়, রূপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদসহ কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আলহাজ্ব সেলিম আহম্মেদ একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। তিনি নির্বাচিত হলে কায়েতপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বক্তারা আরও বলেন, কায়েতপাড়া ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রয়োজন যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব। এ ক্ষেত্রে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সেলিম আহম্মেদের কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা আগামী দিনে কায়েতপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

