পরিবেশ অধিদপ্তর
শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি শব্দদূষণকারী যানবাহনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে যানবাহনগুলো থেকে তিনটি হর্ন জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে শব্দ সৃষ্টি করায় তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেকটি যানবাহনকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। পাশাপাশি শব্দদূষণে ব্যবহৃত তিনটি হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জের দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

