সিদ্ধিরগঞ্জে গণমিছিল করেছে জামায়াত
আগামী ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিল থেকে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে লোডশেডিং নিরসন, তেল-গ্যাসসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন নেতারা। এ সময় বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিও জানান।
গণমিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমির আলহাজ্ব কফিল উদ্দিন এবং উত্তর থানা আমির মাওলানা মোস্তফা কামালসহ স্থানীয় নেতাকর্মীরা।

