ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুত্রবধূর পূর্বের একাধিক বিয়ের তথ্য গোপনের অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে। এ বিরোধের জেরে শামীমা বেগম (৩৯) নামে এক নারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় শামীমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শামীমার ছেলে রাব্বির সঙ্গে রত্নার ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি বিয়ে হয়। শামীমার দাবি, বিয়ের সময় রত্নার আগের বিয়ের বিষয়টি তাদের কাছে গোপন রাখা হয়। পরে তিনি জানতে পারেন, রত্নার এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল এবং আগের সংসারে একটি সন্তান রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর রাব্বি ও রত্নার মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়।
লিখিত অভিযোগে শামীমা উল্লেখ করেন, গত ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী উত্তরপাড়ার মেকার মসজিদ রোডে তার ভাড়া বাসার সামনে পূর্ব বিরোধের জেরে রেহেনা বেগম, নাজমা বেগম, রাব্বি (রত্মার স্বজন) ও রায়হান আলীসহ কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তারা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শামীমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুম করার হুমকি দেন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সহায়তায় তাকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রত্না বলেন, “আমার এর আগে বিয়ে হয়েছে। রাব্বির সঙ্গে বিয়ের আগে আমি তাকে আগের বিয়ের কথা বলেই বিয়ে করেছি।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাজ্জাক জানান, থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

