ফাইল ছবি
নারায়ণগঞ্জে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) চাষাড়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, বৃক্ষমেলা চলাকালে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।

