রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনসম্মুখে নৌ পুলিশের এএসআইয়ের মাতলামি, তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৯:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

জনসম্মুখে নৌ পুলিশের এএসআইয়ের মাতলামি, তদন্ত কমিটি গঠন

সদর নৌ থানার এ এস আই মো. আব্দুল মান্নান

নারায়ণগঞ্জ সদর নৌ থানার এ এস আই মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসম্মুখে মাতলামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে নগরীর ৫নং খেয়াঘাটে এ ঘটনা ঘটে। ‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করে বন্দর খেয়াঘাটে গিয়ে মাতলামি শুরু করেন এএসআই আব্দুল মান্নান। এ সময় তিনি নিজের এবং সেখানে উপস্থিত দুই ব্যক্তির মোবাইল ফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে।

‎পরে ঘাটে টাকা রাখার একটি বক্স থেকে টাকা নিয়ে আশপাশে ছড়িয়ে দেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাকে আটকে রাখে। পরে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার কথা বলেন এএসআই মান্নান।

‎ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই আব্দুল মান্নানকে গালাগালি ও গান গাইতে শোনা যায়। এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘আমি আমার বউ মানি না, আমারে জুতা দিয়া মারছে।’

‎এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি রাকিবুজ্জামান জানান, বর্তমানে এএসআই মান্নানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে তদন্ত চলছে।  কেন তিনি এরকম করেছেন, তা তদন্তের পর বলা যাবে।’