ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্মমভাবে নির্যাতনের অভিযোগে আমিমুল হাসান সাদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সাদ (১৯) রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর বাবা রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
এজাহার ও র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ২টার দিকে পশ্চিমগাঁও (মেলারঘাট) এলাকার নিজ বাড়ি থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, সাদ তাকে ফুসলিয়ে বসতবাড়ির চারতলায় একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।
এ সময় কিশোরী বাধা দিলে তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে সাদের বিরুদ্ধে। এতে সে নিচে পড়ে গেলে সাদ ইট দিয়ে তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে কিশোরীর ওপরের পাটির কয়েকটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বলে র্যাব জানিয়েছে।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের পর কিশোরীকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় সাদ।
পরে স্বজনরা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে সাদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, গ্রেপ্তার সাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

