শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে পাইপ গানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০২, ৫ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে পাইপ গানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

দেশীয় তৈরি পাইপ গান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গানসহ মো. ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মো. মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করেন বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এক অস্ত্রধারী ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইমন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকের একটি ভবনে তল্লাশি চালানো হয়। এ সময় ভবনের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।