ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছরের এক শিশুকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত জহিরুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পাগলা দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কলকান্দি গ্রামের মৃত কছিমউদ্দিনের ছেলে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পরিবার ও অভিযুক্ত জহিরুল একই বাড়ির মালিকের পাশাপাশি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করার সুবাদে পূর্বপরিচিত। শিশুটি জহিরুলকে ‘আংকেল’ বলে ডাকতো। শিশুটির মা একটি ঝুট মিলে কাজ করেন এবং বাবা রিকশা চালান। ঘটনার দিন দুপুরে মা কর্মস্থলে এবং বাবা রিকশা নিয়ে বাইরে থাকায় চার সন্তান বাসায় ছিল।
বিকেল প্রায় ৪টার দিকে শিশুটি বাসার গেটে দাঁড়িয়ে থাকলে অভিযুক্ত জহিরুল তাকে চিপস দেওয়ার কথা বলে নিজের দোকানের দিকে ডেকে নেয়। পরে দেলপাড়া পেয়ারা বাগান এলাকার একটি মিলের পাশে ওমর আলী মসজিদের পেছনে কলাগাছের ঝোপে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নিপীড়ন করে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে।
শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জহিরুল পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। খবর পেয়ে শিশুটির মা কর্মস্থল থেকে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জহিরুলকে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

