মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

|

আষাঢ় ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আজ দর্শক, আগামীতে সংসদ সদস্য, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি আল আমিন

প্রকাশিত: ২০:১৪, ১৬ জুন ২০২৬

আপডেট: ২০:১৫, ১৬ জুন ২০২৬

আজ দর্শক, আগামীতে সংসদ সদস্য, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি আল আমিন

জাতীয় সংসদে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৭০ জন শিক্ষার্থী

জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি উপভোগের সুযোগ পেল নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৭০ জন শিক্ষার্থী। সংসদ অধিবেশন পরিদর্শনের পাশাপাশি তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেয়।

মঙ্গলবার (১৬ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, গণতন্ত্র, নেতৃত্বের বিকাশ এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য। 

আব্দুল্লাহ আল আমিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামীতে তোমরা আবারও জাতীয় সংসদে আসবে, তবে সেবার দর্শক হিসেবে নয়—এই সংসদেরই সম্মানিত সদস্য হিসেবে।” তার এই বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণার সঞ্চার হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় শিক্ষার্থীরা দেশের রাজনীতি, সংসদীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তাদের কৌতূহলের জবাব দেন এবং পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

একপর্যায়ে শিক্ষার্থীরা সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা করেন। পরে শিক্ষার্থীরা তার সঙ্গেও মতবিনিময়ের সুযোগ পায়।