ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এঘটনায় গুরুতর আহত তিনজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ও দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর ৫নং ওয়ার্ডে মৃত হান্নার মিয়ার ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে গুরুতর আহতরা হলেন- দিনমজুর মো. মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (৯), মেয়ে মিম (১৩) এবং প্রতিবেশী শিশু হযরত আলী (৮)।
আহতদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, শিশু সিয়ামের ৭৭ শতাংশ, মীমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং আলীর ৮ শতাংশ পুড়ে গেছে। সুলতানা ও সিয়ামের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, রাতে রান্না ঘরের ভেতরে রাখা সিলিন্ডার থেকে কোন ভাবে গ্যাস লিকেজ হয়। সারারাত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ঘরে জমতে থাকে। সকালে সুলতানা রান্নার জন্য চুলা জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
এঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মান্নান পেশায় একজন দিনমজুর। তিনি এক কক্ষের ছোট একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ঘরের ভেতরই রান্নার ব্যবস্থা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে দরজা-জানালা বন্ধ থাকায় সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে ঘরের ভেতরে জমে যায়। সকালে পরিবারের কেউ রান্না করার জন্য দিয়াশলাই জ্বালানো মাত্রই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরে থাকা পাঁচজনই দগ্ধ হন।

