চুন কারখানার মালিক মো. আবু বক্কর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানা পরিচালনার অভিযোগে কারখানা মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁওয়ের আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস লাইন ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সোনারগাঁ জাদুঘর সংলগ্ন ইছাপাড়া এলাকায় অবস্থিত একটি চুন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানাটিতে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির প্রমাণ পাওয়া যায়।
পরে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী জমি ও চুন কারখানার মালিক মো. আবু বক্করকে (২৬) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

