শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, মহাসড়কজুড়ে হলুদ-সবুজের উচ্ছ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৮, ১২ জুন ২০২৬

আপডেট: ২১:১৮, ১২ জুন ২০২৬

সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, মহাসড়কজুড়ে হলুদ-সবুজের উচ্ছ্বাস

ফাইল ছবি

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর ব্রাজিলের হলুদ-সবুজ রঙে মুখর হয়ে উঠেছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে উপজেলার বিভিন্ন এলাকার সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

শুক্রবার (১২ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মদনপুর এলাকা হয়ে মেঘনা সেতু প্রদক্ষিণ করেন। প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম শেষে শোভাযাত্রাটি আবার মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়।

সোনারগাঁও উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, দলের জার্সি ও নানা ধরনের ব্যানার-ফেস্টুন। মহাসড়কজুড়ে হলুদ-সবুজের উপস্থিতি পথচারী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকেরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সজীব বলেন, ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল সবসময়ই আমাদের মুগ্ধ করে। তাই প্রিয় দলকে ঘিরে আনন্দ ভাগাভাগি করতে আমরা একত্রিত হয়েছি।

আরেক সমর্থক পারভেজ বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই এই শোভাযাত্রায় অংশ নিয়েছি। আশা করি, ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে ব্রাজিল আরও ভালো সাফল্য অর্জন করবে।

শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।