মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

|

আষাঢ় ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র হত্যা: আরও দুইজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫০, ১৬ জুন ২০২৬

আপডেট: ১১:৫১, ১৬ জুন ২০২৬

মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র হত্যা: আরও দুইজন গ্রেপ্তার

ফাইল ছবি

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ মামলার চার নম্বর আসামি মো. মমিন উল্লাহ (৫০) এবং পাঁচ নম্বর আসামি মো. জাহাঙ্গীর (২৪)-কে গ্রেপ্তার করে। রাত ১২টার দিকে তাদের সেনবাগ থানায় আনা হয়।

এর আগে হত্যাকাণ্ডের পরপরই মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম সরকার জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ হত্যা মামলায় এজাহারভুক্ত মোট তিন আসামি এখন পুলিশের হেফাজতে। তাদের মধ্যে একজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জুন রাতে সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবিশিংপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে পনেরো বছর বয়সী স্কুলছাত্র মো. আরাফাত হোসেন ফাহিম নিহত হয়।