ফাইল ছবি
নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ চাষাঢ়া-পঞ্চবটী-পোস্তগোলা আঞ্চলিক মহাসড়ককে সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে।
সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।
জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের এই ভাবনার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে পঞ্চবটী হয়ে পোস্তগোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা।
এর জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, চাষাঢ়া-পঞ্চবটী-পোস্তগোলা আঞ্চলিক মহাসড়কটি ভবিষ্যৎ 'ইনার সার্কুলার রোড' প্রকল্পের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে এই সড়কটিকে সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, চাষাঢ়া থেকে পঞ্চবটী হয়ে পোস্তগোলা পর্যন্ত সড়কটি নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার মধ্যে যোগাযোগের অন্যতম ব্যস্ত রুট। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরেই সড়কটি প্রশস্তকরণ ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে যেসব ইতিবাচক পরিবর্তন আসবে এর মধ্যে উল্লেখযোগ্য হল্য, ৪ লেনে উন্নীত হলে এই রুটের দীর্ঘদিনের তীব্র যানজট অনেকাংশে কমে যাবে।রাজধানী ঢাকার সাথে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও সহজ হবে।ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল নারায়ণগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডে এটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

