পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
অভিযানের অংশ হিসেবে ১৪ জুন রাত ১১টা ৫৫ মিনিটে আদমজী বিহারী কলোনীর ৩ নম্বর বালুর মাঠ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি মিজানুর রহমান মিজানকে (২৬) আটক করা হয়। পরে দিবাগত রাত ১টা ২০ মিনিটে পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় আরমানের কবুতর পালার ঘরে অভিযান চালিয়ে আরমান (৩০) ও বিল্লাল হোসেন (৩৫)-কে ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আজ সকাল ৮টা ৪০ মিনিটে মিজমিজি পাগলাবাড়ী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে আব্বাছ (৪২) ও শাহ আলমকে (৪৪) আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিজানুর রহমান মিজান আদমজী নতুন বাজার এলাকার বাসিন্দা। আরমান ও বিল্লাল পশ্চিম কলাবাগ এলাকার এবং আব্বাছ ও শাহ আলম মিজমিজি পাগলাবাড়ী এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত শাহ আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মাদক মামলা রয়েছে। এছাড়া আরমান ও বিল্লালের বিরুদ্ধে তিনটি করে মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

