ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে এক কিশোরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রেস্টুরেন্টের একটি কক্ষে নিয়ে বলাৎকারের চেষ্টার অভিযোগে রিয়াজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রবিবার (১৪ জুন) দুপুরে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় অবস্থিত ম্যাজিক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
আটক রিয়াজ উদ্দিন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চকদিঘা পাটুয়াভাঙ্গা গ্রামের মৃত ওহাব উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরে ভাড়া বাসায় থাকেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত রিয়াজ উদ্দিন কৌশলে এক কিশোরকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যান। পরে তাকে একটি কক্ষে নিয়ে আপত্তিকর কর্মকাণ্ডের চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
ভুক্তভোগীর দুলাভাই শামীম জানান, কিশোরটি তার রেস্টুরেন্টে কাজ করত। অভিযুক্ত ব্যক্তি নানা কৌশলে তাকে রেস্টুরেন্টে নিয়ে যান। স্থানীয়দের তৎপরতায় ঘটনাটি উদ্ঘাটিত হয়। তিনি অভিযোগ করেন, এর আগেও অভিযুক্তকে পূর্বাচল এলাকায় বিভিন্ন সময় ঘোরাফেরা করতে দেখা গেছে এবং তিনি কিশোরদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করতেন।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘‘পূর্বাচলের কুমারটেক এলাকায় এক কিশোরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি কক্ষে নিয়ে বলাৎকারের চেষ্টার অভিযোগে স্থানীয়রা রিয়াজ উদ্দিনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।’’
তিনি আরও বলেন, ‘‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

