শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিন্দুমাত্র প্রভাব ছিলনা আ.লীগের হরতালে!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে বিন্দুমাত্র প্রভাব ছিলনা আ.লীগের হরতালে!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ডাকা হরতালের প্রভাব দেখা যায়নি রাজপথে। নারায়ণগঞ্জের কোথাও হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের দিনে যান চলাচল ছিল স্বাভাবিক। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এর আগে গতকাল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

পাঁচ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর থেকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ সকল নেতাই দেশছাড়া হয়েছেন। জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে থাকলেও তাদের সকলেই আত্মগোপনে আছেন। 

জানা গেছে, পদত্যাগ করে নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনায় আওয়ামী লীগের যেসকল নেতারা দেশ ছাড়তে পারেননি তারা ক্ষুব্ধ। ফলে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে নতুন করে কোন ঝামেলায় পড়তে চাইছেন না তারা। 

এদিকে বিদেশে পালানো নেতারা অর্থের জোরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি পালনের চেষ্টা চালালেও কর্মী খুঁজে পাচ্ছেন না নেতারা। দেশে আত্মগোপনে থাকা কর্মীরা এসকল নেতাদের সাথে যোগাযোগ এড়িয়ে চলছেন। 

এর আগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পোস্টার লাগানোর ঘটনায় নারায়ণগঞ্জের ছাত্র সংগঠনগুলোর চাপে প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে নেতাদের ডাকে সাড়া দিচ্ছেন না আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা।