ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, একদম স্পষ্ট করে বলতে চাই, নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে চাঁদাবাজিসহ রাজনৈতিক দূর্বিত্তায়ন বন্ধ হতে হবে। আমি আব্দুল্লাহ আল আমিন কোনো অনৈতিক কর্মকান্ডে যুক্ত নই। সেই সাথে কেউ কোনো অনৈতিক কাজে বা অপরাধের সাথে যুক্ত হলে তার দায় নিবো না। প্রশ্রয় দেয়ার তো প্রশ্নই আসে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিকযোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে একথা জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ও পরে কারো থেকে কোনোধরনের অনৈতিক বা অবৈধ সুবিধা নেই নাই। সেই সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও থানাকে স্পষ্ট করে বলে দিয়েছি কোনো অপরাধমুলক কর্মকাণ্ডে আমি প্রশ্রয় দিবো না। যে কোনো অপরাধী ও অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স আছে, থাকবে। আমি এটাও স্পষ্ট করে বলেছি, আমার পরিচয় দিয়ে কেউ অপরাধমূলক কাজ করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার জন্য। আমিও একশন নিবো।
তিনি বলেন, পঞ্চবটী এলাকার ইয়াসিন আরাফাত নামের একজন আমার নির্বাচনের ক্যাম্পেইনের সময় আসেন এবং একসাথে কাজ করতে চান। কয়েকদিন পরে আমি জানতে পারি, সে আমার পরিচয় দিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছে ফান্ড চেয়েছে। এটা জানার পরে আমি স্পষ্ট করে তাকে আমার সাথে আসতে নিষেধ করে দিয়েছি নির্বাচনের আগেই এবং বলেছি ভবিষ্যতে আমার নাম ব্যবহার করলে আমি পুলিশে সোপর্দ করবো। সেই সাথে ফতুল্লা থানাকেও বলেছি তার ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নিতে।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের পরিচয়ে আলিগঞ্জের তরিকুল ইসলাম পিয়াসের বেশ কিছু অনৈতিক কাজের অভিযোগ এসেছিলো। তখনও আমি প্রশাসনকে বলেছি অভিযোগের সত্যতা যাচাই করতে। আমাদের কাছে কিছু অভিযোগের প্রমাণ আসায় আমরা সচেতনভাবে তাকে এনসিপির সকল কর্মকাণ্ড থেকে দূরে রেখেছি। আজকে আমি আবারও বলছি, ইয়াসিন আরাফাত বা পিয়াসসহ অন্য যে কেউ যদি আমার নামে বা এনসিপির নাম ব্যবহার করে কোনো অবৈধ ফায়দা নিতে চায় তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।
নারায়ণগঞ্জবাসী আমাদের উপর আস্থা রেখেছে পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার জন্য। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের প্রতিহত করে সে আস্থার প্রতিদান দিতে চাই।
আর একটা কথা, নারায়ণগঞ্জের ব্যবসায়ী, শ্রমজীবী, চাকুরীজীবি ও সকল নাগরিকের প্রতি আহবান রইলো, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য। আমার পরিচয়ে কেউ যদি কোনো অন্যায় করতে চায়, তাহলে দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন এবং নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিয়ে আপনার নাগরিক অসুবিধা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দোয়া চাই সবার।

