ফাইল ছবি
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে চাষাঢ়া শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। হাতে ফুল, ব্যানার ও কালো ব্যাজ পরে নানা বয়সী মানুষ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, পুলিশ প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
এ সময় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
এছাড়া রূপগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আড়াইহাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এদিকে মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন, যাতে শান্তিপূর্ণভাবে মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনজুড়ে থাকবে ভাষা আন্দোলনের চেতনা আর শহীদদের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান।

