শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সংসদ সদস্য মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সংসদ সদস্য মান্নান

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে এমপি মান্নান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে আমি তাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে।

আগুনে পুড়ে ১৮ পরিবারের বসতঘর ভূষ্মিভূত হয়। ছবি: খবরের কাগজ

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকতেন। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হয়েছেন।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্থদের প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।