রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভালো সেন্ট্রালের সাথে ছিলাম, আছি থাকবো : খালেদ মহিউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভালো সেন্ট্রালের সাথে ছিলাম, আছি থাকবো : খালেদ মহিউদ্দিন 

ফাইল ছবি

আমেরিকা থেকে পরিচালিত মানবিক সংগঠন ভালো সেন্ট্রালের বাংলাদেশ শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় অবস্থিত ভালো সেন্ট্রাল পরিদর্শনে গিয়ে তারা সরেজমিনে দেখেন সংগঠনটির মানবিক কার্যক্রম। এসময় ভাসমান রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

ব্যস্ত শহরের কোলাহলের মাঝেই এক অন্যরকম দৃশ্য—সারি সারি মানুষ, হাতে ইফতারের প্যাকেট, আর স্বেচ্ছাসেবকদের ব্যস্ত পদচারণা। যেন মানবিকতার এক উজ্জ্বল চিত্রপট। 

পরিদর্শন শেষে খালেদ মহিউদ্দিন বলেন, আমি ভালো সেন্ট্রালের সঙ্গে ছিলাম, আছি। নিউইয়র্কে গিয়ে তাদের কার্যক্রম দেখেছি। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে সত্যিই বিস্মিত করেছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশি একটি সংগঠন একই সঙ্গে নিউইয়র্ক ও নিজ দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এটি এক অনন্য উদাহরণ। 

ভালো সেন্ট্রাল বাংলাদেশের প্রধান তাজুল ইসলাম রাজীব জানান, প্রতিদিন প্রায় ১২০০ ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। রমজান মাসে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতারের আয়োজন থাকে নিয়মিত। শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ নয় সংগঠনটি ছিন্নমূল মানুষ ও শ্রমজীবীদের জন্য ফ্রি সেলুন সেবা এবং চিকিৎসা সহায়তাও দিয়ে আসছে তারা। 

স্থানীয়দের মতে, ভালো সেন্ট্রাল শুধু একটি সংগঠন নয়, বরং এটি হয়ে উঠেছে প্রান্তিক মানুষের আশ্রয়স্থল। যেখানে ক্ষুধার্ত মানুষ পায় একবেলার আহার, অসুস্থ মানুষ পায় প্রাথমিক চিকিৎসা, আর অবহেলিত মানুষ পায় সম্মান ও ভালোবাসা। 

নিউইয়র্ক থেকে নারায়ণগঞ্জ দুই প্রান্তের দূরত্ব ঘুচিয়ে মানবতার সেতুবন্ধন গড়ে তুলেছে ভালো সেন্ট্রাল। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শুরু হওয়া এই কার্যক্রম এখন দেশের মাটিতেই মানবিকতার এক অনন্য মডেল হয়ে উঠেছে।
মানবিকতার এই আলো যেন আরও ছড়িয়ে পড়ে এমন প্রত্যাশাই এখন সবার।