ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের অন্যতম শতবর্ষী পুরাতন মসজিদের একটি হলো ফলপট্টি এলাকার ফকিরটোলা জামে মসজিদ। সে সময়কার 'টাউন' বা মূল শহর নিতাইগঞ্জ ও শীতলক্ষ্যা নদীর তীরকে ঘিরে গড়ে ওঠায় ধারণা করা হয় মসজিদটি এখানেই নির্মাণ করা হয়েছিল।
স্থানীয়রা জানান, মসজিদটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়। নির্মাণের পর থেকে এখন পর্যন্ত ঐতিহাসিক এই স্থাপনাটি প্রায় অপরিবর্তিত রয়েছে। দীর্ঘদিনের পুরনো হওয়ায় মসজিদের ভেতরে এবং বাইরে বিভিন্ন স্থানে মেরামত করা হয়েছে, তবে মসজিদের প্রধান ফটকটি আজও আগের মতোই রয়েছে। পুরনো আমলের নকশার পাশাপাশি গেটের ওপরে আরবি হরফে বিভিন্ন ক্যালিগ্রাফি দেখা যায়। মসজিদের ভেতরে প্রবেশ করলেই রয়েছে অজুখানা, তবে সেখানে বর্তমানে ট্যাংকের বদলে আধুনিক হাউসের ব্যবস্থা করা হয়েছে। নির্মাণের সময় একতলা থাকলেও পরবর্তীতে মসজিদটি দুইতলায় উন্নীত করা হয়।
মসজিদের সামনের টুপি ও তসবিহ বিক্রেতা নাজমুল হাসান জানান, মসজিদটির বয়স একশত বছরেরও বেশি। এটি একটি ঐতিহাসিক স্থাপনা হওয়ায় দূর-দূরান্ত থেকে মানুষ এখানে মানত করতে বা ইমাম সাহেবের সাথে দেখা করতে আসেন। স্থানীয় ব্যবসায়ী মাজহারুল ইসলাম জানান, ব্রিটিশ আমলে যখন শহর বর্তমানের মতো জনবহুল ছিল না, তখন দিগুবাবুর বাজার ও নিতাইগঞ্জ এলাকাই ছিল মূল শহর। সেই ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদটি।

