ফাইল ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলার বিএনপির চার নবনির্বাচিত সংসদ সদস্য।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত বারোটার পর একুশের প্রথম প্রহরে নিজ নিজ নির্বাচনী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
রূপগঞ্জ উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ভাষা আন্দোলনের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম শক্ত ভিত্তি পেয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আড়াইহাজার উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলা ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে নিজের ভাষায় কথা বলতে পারছি। এই চেতনাই আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
সোনারগাঁয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার নয়, এটি ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের পথে প্রথম বড় পদক্ষেপ। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না।
অন্যদিকে নারায়ণগঞ্জ বন্দরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
এ সময় প্রতিটি কর্মসূচিতেই কালো ব্যাজ ধারণ, নীরবতা পালন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষে জেলা জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর আবেগ ও শ্রদ্ধার আবহ।

