সোমবার, ০৯ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জ্বালানি সাশ্রয়, ২৬ মার্চে আলোকসজ্জা করা যাবেনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৯, ৮ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয়, ২৬ মার্চে আলোকসজ্জা করা যাবেনা

ফাইল ছবি

জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছতা সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রসাধন করতে পারি, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না।

এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে সবাই আন্তরিক হন, সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সবারই আমরা সহযোগিতা কামনা করেছি।
তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বেদনার সঙ্গে পালন করা হবে। যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই এটি পালন করব।

এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটি পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে, আমরা নিরাপত্তার সব বিষয়াদি দেখাশোনা করব।
মন্ত্রী বলেন, ২৬ মার্চ প্রত্যুষে সাভারের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যরা, বিরোধী দলীয় নেতারা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণের বিষয়টি যাতে নিরাপদে সম্পন্ন করা যায় এবং যাতায়াত সহজ করা যায়, সে বিষয়ে আমরা সমন্বয় করেছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি না হয়।

আমরা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু পদক্ষেপ নিয়েছি। একটি ফোকাল পয়েন্টও ঠিক করা হয়েছে। যেমন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে অ্যাডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতাদের সঙ্গে, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।
মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম আরেক জিনিস। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না।

আমরা দেখলাম নরসিংদীতে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে তদন্তে দেখা গেল, এর সঙ্গে তার নিজের সৎ বাবা জড়িত। তবে প্রাথমিকভাবে আমরা যারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কাস্টডিতে আছে এবং অনেকে স্বীকারোক্তি দিয়েছে। এভাবে আরও দুই-একটি ঘটনার কথা আমরা জানি, চট্টগ্রামের ঘটনার কথাও জানি। আমরা সব বিষয়ই গুরুত্বসহকারে দেখছি। মবের সঙ্গে এগুলো তুলনা করা ঠিক হবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। তবে আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং বাংলাদেশ থেকে মব কালচার বিলুপ্ত হবে।
ঈদের আগে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, না, রমজানের আগে, অর্থাৎ ঈদের আগে, আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বিজিএমইএ নেতারা, বিটিএমইএ, বিকেএমইএ-সবার সঙ্গে কথা বলেছি। তারাও খুব আন্তরিক। উইথ এ ফিউ এক্সেপশন, সব ক্ষেত্রে তারা আশা করছেন যে ঈদের আগেই বেতন, ভাতা, বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতাও থাকবে। তারপরও যদি দুই-একটি গার্মেন্টসে কোনো সমস্যা থাকে, আমরা বলেছি, আগে থেকেই আপনারা সেগুলো সমাধান করার উদ্যোগ নেবেন।