রোববার, ২৬ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ক্ষমতায় যেতে না পেরে হতাশা থেকে আন্দোলনের হুমকি দিচ্ছে: কৃষকদল সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪০, ২৫ জুলাই ২০২৬

ক্ষমতায় যেতে না পেরে হতাশা থেকে আন্দোলনের হুমকি দিচ্ছে: কৃষকদল সভাপতি

কৃষিবিদ হাসান জাফির তুহিন

জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে না পেরে এখন হতাশা থেকে নানা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি বলেন, যারা নির্বাচনের আগে ধর্মপ্রাণ মুসলমানদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পারেনি, তারা এখন হতাশা থেকে নানা আন্দোলনের বক্তব্য দিচ্ছে। বিএনপিকে ষড়যন্ত্র করে কখনোই সরানো সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না।

​হাসান জাফির তুহিন বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ মানুষকে অনেক আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু তারা সেই আশ্বাস পূরণ করতে পারেনি। শেখ মুজিব মানুষের মুখে খাবার দিতে পারেননি, এক টুকরো খাবারের জন্য মানুষকে কুকুরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে সেই তলাবিহীন ঝুড়ির অবস্থা থেকে মুক্ত করেছিলেন।

​আওয়ামী শাসন আমলের চিত্র তুলে ধরে তিনি বলেন, এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় ধরে বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। গত ১৭ বছরে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন।

​জামায়াতের কড়া সমালোচনা করে তুহিন আরও বলেন, এখন একটি শক্তি ধর্মের দোহাই দিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো চক্রান্ত করেই বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরানো যাবে না।

​কৃষকদলের সাফল্য ও সরকারের উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বড় বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ পুরোদমে চলছে। ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে কৃষক দল সবচেয়ে বেশি কাজ করেছে এবং গত দুই বছরে কৃষক দলের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

​নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে আমরা আওয়ামী লীগের মতো দুর্নীতি ও টাকা পাচারের সঙ্গে কোনোভাবেই যুক্ত হব না।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, সহ সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ও মামুনুর রশিদ খান এবং সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান।

​এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব মীর হোসেন কামাল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি মাসুদ প্রমুখ।

​সম্মেলনের শেষ পর্যায়ে জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহিন ফতুল্লা থানা কৃষক দলের জুয়েল আরমানকে সভাপতি ও সুমন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।