মানববন্ধন
তিতাস গ্যাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে পূর্ব সানারপাড়, মনু মিয়া মার্কেট, বক্সনগর, নিমাইকাশারী, মাদানীনগর, মুক্তিনগর ও রসুলবাগ এলাকার মানুষ অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম বাবু বলেন, "গত ৭-৮ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে। মাসে মাসে বিল পরিশোধ করলেও দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না। তিতাস কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি।"
আরেক বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, "এর আগেও একই দাবিতে আন্দোলন করা হয়েছিল। তখন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। বৈধ গ্রাহকরা গ্যাস না পেলেও বিভিন্ন অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে গ্যাসের বিল পরিশোধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।"

