এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্য রয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ধারণ করে আসছি। আমার এলাকায় দুইটি গীর্জা আছে। বিগত নির্বাচনে আপনাদের অংশগ্রহণে নির্বাচিত হয়ে আমি এখানে এসেছি। তারেক রহমানের সরকার জনকল্যাণমুখী সরকার। আমরা প্রতিটি ধর্মের প্রতি সম্মান রাখি। আমরা সকলেই মানুষ। আমরা সমাজবদ্ধ হয়ে যখন থাকি তখন কোন ভেদাভেদ থাকে না।
শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ ব্যাপিষ্ট চার্জের মিলনায়তনে চার্জের সাবেক সাধারণ সম্পাদক ফ্রানচিলিয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মঈনুল হক, নারায়ণগঞ্জ ব্যাপিষ্ট চার্জের সাধারণ সম্পাদক সৌরভ দেউড়ী, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান পরিষদের নেতা প্রদীপ ঘোষ, লিটন পাল ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু।
আবুল কালাম আরও বলেন, আপনারা শুভ সূচনা করলেন যে সংগীতের মাধ্যমে এখানে আমি শুনলাম আপনারা নির্ভর করতে চান প্রভুর ওপরে। এই ধর্মীয় বিশ্বাস সকল ধর্মের মানুষ করে থাকে। আপনাদের মাঝে ক্যাথলিক ব্যাপ্টিষ্ট দুইটা ধারা আছে। ক্যাথলিকেরা ধর্মগুরুর অধীনে থাকে আপনারা স্বাধীন ভাবে ধর্ম চর্চা করে থাকেন।
তিনি আরও বলেন, আপনাদের এই সহবস্থান গুরুত্বপূর্ণ। আমরা সহাবস্থানে বিশ্বাস করি। এখানে মডেল মসজিদ হয়েছে, মন্দির হবে। আপনাদের যৌক্তিক দাবী, এখানে গির্জাও হবে। আমি আশ্বস্ত করছি আপনারা পরিকল্পনা নিয়ে আসুন। সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা করবো।
তিনি বলেন, এটাকে প্রাতিষ্ঠানিক রুপ অনেক জায়গায় দৌড়ঝাঁপ করতে হবে। উন্নয়ন আর্থিক ভাবে ও অবকাঠামোগত ভাবেও হতে হবে। আমাদের মানবিক উন্নয়নেরও দরকার আছে। সকল ধর্ম শান্তির কথাই বলে।

