ফাইল ছবি
নারায়ণগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (২৫ জুলাই) সদর থানার বরফকল এলাকায় আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে কেল্লারপুল থেকে খানপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলমান ছিলো। এ সড়কটিতে শ্রমিকরা অবস্থান নেয়ায় বিকল্প পথ ব্যবহার করে নগরীর যানবাহন চলাচল করে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। আর আজ তারা ১১ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— পরিপূর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধ, শতভাগ বোনাস প্রদান, হাজিরা বোনাস চালু, অর্ধবেলা ছুটির জন্য বেতন কর্তন না করা, স্টাফদের শোভন আচরণ নিশ্চিত করা, ঈদের ছুটিতে বেতনভুক্ত ছুটির সুবিধা যুক্ত করা, চাকরির সার্ভিস-সংক্রান্ত সব পাওনা পরিশোধ, পিস রেট কত শতাংশ বৃদ্ধি করা হবে তা প্রকাশ, অস্ত্রধারী অ্যাডমিন জাকিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে কর্মস্থল থেকে বহিষ্কার, শ্রম আইন অনুযায়ী সকল ন্যায্য পাওনা পরিশোধ এবং আন্দোলনে অংশ নেয়া কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।
শ্রমিকরা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি জানান, কয়েকটি দাবি মালিকপক্ষ মেনেও নিয়েছে। বাকি দাবিগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে শ্রমিকরা এ সড়কটি বন্ধ করে রাখায় আমরা বিকল্প সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। আন্দোলনের কারণে যানজট বা ভোগান্তির কোন খবর নেই। পরে বিকেল সাড়ে ৪ টায় তারা কর্মসূচি স্থগিত করে সড়কটি ছেড়ে দেয়।

