ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নিমাইকাশারী এলাকার আসাব উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২৮) এবং নূরবাগ এলাকার মাসুমের ছেলে রাহুল (২৫)। রাহুল ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২২ জুলাই সকাল ৮টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগরে আল-আমিন গার্মেন্টসের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরা একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড, ষড়যন্ত্র এবং মিছিল-স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযানে ২৩ জুলাই সকাল ১১টা ১৫ মিনিটে নিমাইকাশারী মাদানীনগর এলাকা থেকে মাসুদ মিয়াকে এবং একই দিন রাত ৮টা ২০ মিনিটে বাগমারা এলাকা থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

