শনিবার, ২৫ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৯, ২৪ জুলাই ২০২৬

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না

আলোচনা সভা

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া জুলাই আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব নয়। একই সঙ্গে ছাত্রদের নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বগুণ বিকাশে কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে দ্রোহ ও জাগরণের জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা শাখার সভাপতি এম. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দ্বীন ইসলাম বলেন, একজন শিক্ষার্থী শুধু নিজের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎও নির্মাণ করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রেখেছে। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংগঠনের প্রতিটি কর্মীকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে এম. মাসুম বিল্লাহ বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন, দেশপ্রেমিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল হান্নান এবং জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সারফারাজ হক সজিব।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।