মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও অফিস বরাদ্দ না হওয়ায় কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করা সম্ভব হয়নি। ফলে নতুন এই সংস্থার সেবা কার্যক্রম দ্রুত চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকার নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত ১০ এপ্রিল জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ পাস করা হয়।
পরবর্তীতে গত ১২ জুন এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদে মাসুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যান নিয়োগের পর সংস্থাটির কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশা করা হলেও অফিস বরাদ্দ জটিলতায় সেই প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, অফিস না থাকায় প্রশাসনিক কাঠামো গঠন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং নাগরিক সেবা কার্যক্রম শুরু করতে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। ফলে নতুন এই কর্তৃপক্ষের কার্যক্রম এখনো দৃশ্যমান হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, এটি আসলে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। এটা নিয়ে কাজ চলছে। আমি যতটুকু জানি বর্তমান যে রাজউকের ভবনটি রয়েছে সেখানে অফিস করার কথা। এটি নিয়ে কাজ চলছে। খুব শিগগিরই উন্নয়ন কর্তৃপক্ষের অফিস হয়ে যাবে।

