শনিবার, ২৫ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি মুনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৬, ২৪ জুলাই ২০২৬

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি মুনা

ফাইল ছবি

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের আন্দোলন-সংগ্রামে আলোচিত মুখ ফারহানা মানিক মুনা। তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদকও।

শুক্রবার (১৪ জুলাই) ঢাকায় সংগঠনটির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষের দিকে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

ছাত্র ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আগের কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন। পড়েছেন নারায়ণগঞ্জ আইন কলেজেও।

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সোচ্চার ফারহানা মানিক মুনা ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কের দায়িত্বে ছিলেন। আন্দোলন চলাকালীন শামীম ওসমানের বাস পড়ানোর মামলাতেও তাকে আসামি করা হয়েছিল।

মুনা এর আগেও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, পরে নিরাপদ সড়ক আন্দোলনেও নারায়ণগঞ্জে সম্মুখসারিতে ছিলেন। সারাদেশের ধর্ষণ বিরোধী আন্দোলনও তিনি গড়ে তুলেছিলেন এ শহরে। টানা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিনি।

মুনা তার ছাত্র সংগঠনের ব্যানারে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও দাবি আদায়ের সংগ্রামে অগ্রণী একজন। ছাত্র ফেডারেশনের জেলা প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।