বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাগরকে ঘিরে মদনগঞ্জে উত্তেজনা, পুলিশের গাড়ি ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাগরকে ঘিরে মদনগঞ্জে উত্তেজনা, পুলিশের গাড়ি ফেরত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারের খবরকে কেন্দ্র করে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় স্থানীয়রা তার কার্যালয়ের সামনে সড়কে টেবিল বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির পাশে মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বন্দর থানা পুলিশের কয়েকজন সদস্য ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে প্রবেশ করেন। পুলিশ তাকে আটক করতে এসেছে—এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা সাগরকে গ্রেফতার না করার দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা সড়কের ওপর টেবিল বসিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মদনগঞ্জ এলাকার সড়কে যানজটের সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করার পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিক্ষোভকারীরা সড়ক থেকে টেবিল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারের জন্যই পুলিশ তার কার্যালয়ে গিয়েছিল কি না, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও অভিযান পরিচালনার কারণ বা সাগরকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।