ফাইল ছবি
নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত ৪৪ জন, ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নয়জন সদস্য রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টায় এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।
জেলার দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য এবং অন্যান্য আইনে চারজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অভিযানে গ্রেপ্তার করা হয় ১০ জন মাদকসেবীকে।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১২ জন মাদকসেবী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং অন্যান্য আইনে দুইজনসহ মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছেন।
বন্দর থানার অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী, দুইজন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য এবং অন্যান্য আইনে তিনজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার অভিযানে তিনজন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং অন্যান্য আইনে একজনসহ মোট ছয়জন গ্রেপ্তার হয়েছেন। সোনারগাঁও থানার অভিযানে সাতজন মাদকসেবী, মাদক মামলায় একজন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য এবং অন্যান্য আইনে চারজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং অন্যান্য আইনে একজনসহ মোট তিনজন গ্রেপ্তার হয়েছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

