সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সরকার অত্যন্ত সোচ্চার: এমপি আজহারুল ইসলাম মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪০, ৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সরকার অত্যন্ত সোচ্চার: এমপি আজহারুল ইসলাম মান্নান

আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর গত ৮ মাসে দেশের উন্নয়নে যে পদক্ষেপগুলো নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ রেখেছে। সেই সঙ্গে সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করছে।

​সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা সভাকক্ষে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা প্রশাসন এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে।

​এমপি মান্নান আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু কিট বিতরণ অব্যাহত রয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে ডেঙ্গু টেস্ট কিট গ্রহণ করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার এবং সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।